নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় পিস্তল, অস্ত্র, রামদা, পাইরোটেকনিক ও গোলাসহ ৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে। শুক্রবার (৯ জুলাই) ভোরে এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান, শুক্রবার ভোরে কোস্ট গার্ডের হাতিয়া স্টেশনের লে. এ এস এম লুৎফর রহমানের নেতৃত্বে হার্নি ছানান্দি ইউনিয়নের মেঘনা নদীর টাংকির খাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে কোস্ট গার্ড সদস্যরা পাল্টা গুলি চালায় এবং তাদের ঘিরে ফেলে।
এ সময় ডাকাত দলের প্রধান আব্দুর রব (৫৫) ও তার দুই সহযোগী আব্দুর রহিম (৩০), রবিন (২৪) কে ১ টি দেশীয় পিস্তল, ১ টি দেশীয় একনলা পাইপগান, ১ টি দেশীয় দুইনলা বন্দুক, ৫ টি দেশীয় রামদা, ৪ টি পাইরোটেকনিক ও ৪ রাউন্ড তাজা গোলাসহ আটক করা হয়। আটককৃত ডাকাত ও দেশীয় অস্ত্র হাতিয়া থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড। এ ঘটনায় কোস্ট গার্ড থানায় একটি মামলা করেছে।
ইত্তেফাক/এমএএম