বরিশালে আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ঘর মেরামত ও বরাদ্দে কমিটি

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর ঘরগুলো মেরামতের উদ্যোগ এবং প্রকৃত উপকারভোগীদের মধ্যে বণ্টনের বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল এ তথ্য জানান।

তিনি জানান, সার্বিক বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের তদন্ত কমিটি এবং জেলা প্রশাসন থেকে পৃথক পৃথক তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিভাগে প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রথম পর্যায়ে ৬ হাজার ৮৮টি এবং দ্বিতীয় পর্যায়ে ৪ হাজার ৪৫৭টি ঘর এবং জমি দেওয়া হয়েছে। এছাড়া আরও ২ হাজার ৬৯০টি নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে ১৪টি এবং ভোলার দৌলতখানে ১২টি ঘর সাম্প্রতিক ইয়াসের পানির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরগুলো নির্মাণে কোনো ত্রুটি হয়েছে কিনা এবং ত্রুটি হয়ে থাকলে কে বা কারা দায়িত্বে অবহেলা করেছে সেগুলো অনুসন্ধান করার জন্য বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি এবং বরিশাল জেলা প্রশাসক কার্যালয় থেকে পৃথক দুটি কমিটি গঠিত হয়েছে। 

অপরদিকে বরিশাল জেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণসহ সার্বিক বিষয় তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসকদের প্রধান করে শনিবার ১০ উপজেলার প্রতিটিতে একটি করে কমিটি হয়েছে। নির্মাণ ত্রুটি কিংবা অনিয়ম-দুর্নীতি তদন্তে একই দিন জেলায় ৩ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। গঠিত এসব কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

সভায় অন্যদের মধ্যে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, ফিরদাউস সোহাগ, রাহাত খান, শাহীন হাফিজ প্রমুখ বক্তৃতা করেন। এ সময় বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক ছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।