থানা হাজত থেকে হাসপাতালে নেওয়া হলো সাংবাদিক তানুকে। হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে প্রেরণ করার সিদ্ধান্ত নেয় ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। রবিবার (১১ জুলাই) ১ টার সময় শ্বাসকষ্ট জনিত সমস্যা হলে এই সিদ্ধান্ত নেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।
সাংবাদিক তানুর পরিবারের সূত্রে জানা যায়, গত ৫ তারিখেই তিনি করোনা থেকে সুস্থ হন। তবে এখনও তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। তাকে নিয়মিত ওষুধ খাওয়ানো হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, সাংবাদিক তানু হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করে। বিষয়টি দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা আমাকে জানালে আমি তাকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেই।
শুক্রবার ৯ই জুলাই দুপুরে ঠাকুরগাঁও সদর থানায় সংবাদ প্রকাশের কারণে তিন সাংবাদিককে আসামি করে আইসিটি মামলা করা হয়। আসামি সাংবাদিকরা হলেন, ১- তানভির হাসান তানু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও জাগো নিউজ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ২- রহিম শুভ, নিউজ বাংলা২৪ ডট কম অনলাইনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ৩- আব্দুল লতিফ লিটু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
উল্লেখ্য যে,গত ৬ ও ৭ই জুলাই জাগো নিউজ পোর্টাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইনে “ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ টাকার খাবার দেওয়া হয়” এই মর্মে একটি নিউজ প্রচার হয়। এই নিউজ প্রচারের পরেই হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচরে বসে এবং তারপরেই এই নিউজের বিপক্ষে হাসপাতালের পরিচালক সদর থানায় আইসিটি মামলা। সেই মামলায় শনিবার সন্ধ্যায় তানুকে আটক করে পুলিশ।
ইত্তেফাক/এমএএম