শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর খুন

গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই কিশোরের মারামারিতে সিহাব মিয়া (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। শনিবার (১০ জুলাই) রাতে টঙ্গী পূর্ব থানাধীন শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) শাখায় এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান বাদী হয়ে অপর বন্দি কিশোর আলিফ হোসেন রিফাতকে (১৪) আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মৃত সিহাব মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর ভুইঁয়া পাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। সে গত ৫ মে থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি চুরির মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের নিচতলার সেফ হোম ছিলো।

শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার মো. হেলাল উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় নিচ তলার সেফ হোমের দুই নাম্বার রুমে মারামারি ঘটনা শুনতে পায়। এ সময় ভেতরের কয়েদিরা শিশু সিহাবের অজ্ঞান হওয়ার খবর দিলে তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা গ্রহণ করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি