উইম্বলডনে যেসব তারকা অতিথিদের ফ্যাশন নজর কেড়েছে 

করোনা মহামারির মাঝেও বিশ্ব টেনিসের অন্যতম সম্মানজনক আসর উইম্বলডন ফাইনালে নজর কেড়েছেন তারকা অতিথিরা।  তাইতো উইম্বলডনে মাঠের মতোই দর্শকদের দৃষ্টি বারবার ঘুরে ফিরেছে গ্যালারিতে। গেল রবিবার আসরের ফাইনালে অল ইংল্যান্ড ক্লাবে, ঝকঝকে রোদের মাঝে প্রাণবন্ত সকলে কেউ মাস্ক ছাড়া, আবার কেউবা মাস্ক সহই ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছেন।

কেট মিডলটন

প্রতি উইম্বলডনের অতিথি হয়ে থাকেন ইংল্যান্ড রাজপরিবারের রাজকুমার উইলিয়াম এবং তাঁর স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন। কেট সাজ-পোশাকে সব সময়ই রাজপরিবারের নিয়ম মেনেই করে থাকেন। তবে সবসময়ই কেটের সাজ আলাদা ছাপ ফেলে ফ্যাশনপ্রেমিদের মাঝে। এবারের উইম্বলডনের শেষ দিনে তিনি পরেছিলেন ডাস্কি গোলাপি রঙের ড্রেস। 

প্রিয়াঙ্কা চোপড়া

সাদা রঙের ঢিলেঢালা ‘ফেন্ডি’র পোশাকে দেখা গেছে বলিউড সেনসেশন প্রিয়াঙ্কা চোপড়াকে। ক্যাটস আই আকারের সানগ্লাসের পাশাপাশি ছিল অন্য রকম কানের দুলও। সোনালী রঙের কানের দুল প্রিয়াঙ্কা চোপড়ার সাজকে করেছে আরো জমকালো। 

নাতাশা পুনাওয়ালা 

প্রিয়াঙ্কা চোপড়ার সাথে আরো একজন নজর কেড়েছেন উইম্বলডনের অতিথিদের মাঝে। তিনি নাতাশা পুনাওয়ালা। ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালার স্ত্রী নাতাশা পুনাওয়ালা। নাতাশা পুনাওয়ালা সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার নির্বাহী পরিচালক। নাতাশার ছোট্ট হ্যান্ড ব্যাগটি সবার নজর কেড়েছে। হার্মস বার্কিন ফাউবার্গের এই ছোট্ট হ্যান্ড ব্যাগটির দাম ৮৫ থেকে ৯২ লাখের মধ্যে! 

উইম্বলডনে ম্যাচ দেখা থেকে ব্রেকফাস্ট এবং লাঞ্চে নাতাশার পাশে সর্বক্ষণ ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনেই শেয়ার করেছেন বেশকিছু বিশেষ মুহূর্ত। এই প্রথম নয়, নাতাশার সাজ-পোশাক সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। উইম্বলডনে তারকাদের সাজের মধ্যে বিশেষ করে নজর কেড়েছে তার হ্যান্ড ব্যাগ ও জুতা। হার্মস-এর এই লিমিটেড অ্যাডিশন ব্যাগ এবার যুক্ত হলো নাতাশার চোখ ধাঁধানো কালেকশনের মধ্যে। 

টম ক্রুজ

উইম্বলডন ফাইনালে গ্যালারিতে হাজির হয়েছিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। চিরন্তন কালো সানগ্লাস ও গাঢ় নীল রঙের স্যুটে দেখা গিয়েছে তাকে। সেই পরিচিত হাসি আর কালো সানগ্লাস, যা টম ক্রুজের সবসময়ের সঙ্গী তা এবারের উইম্বলডন ফাইনালে গ্যালারিতে দেখেছেন দর্শকরা।

ইত্তেফাক/আরএম