সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই হামলার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় সাংবাদিক তারেক মাহমুদ লাঞ্ছিত হন। বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের বুধবার বেলা ১২টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাস্তায় প্রতীকী অনশন শুরু করে। এ সময় পুলিশের সামনেই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় আহত অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
স্থানীয় সাংবাদিক তারেক মাহমুদ বলেন, ‘আমিসহ কয়েকজন সাংবাদিক কর্মসূচিটির তথ্য সংগ্রহ করছিলাম। এ সময় একদল যুবক এসে আন্দোলনকারীদের উপর হামলা ও মারধর শুরু করে। এ সময় আমাকেও লাঞ্ছিত করা হয়। পরে পুলিশ এসে হামলাকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।’
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, কোনকিছু বুঝে উঠার আগেই একদল যুবক এসে হামলা চালায়। তবে সাথে সাথে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে কারা হামলা চালিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
ইত্তেফাক/এসজেড