এবার বিসিক খুললো অনলাইন মার্কেট

রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প কর্পোরেশনের তত্ত্বাবধানে চালু হল নতুন অনলাইন মার্কেটপ্লেস www.bscic-emarket.gov.bd বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান বলেন, তারা সারাদেশে উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন। তাই এ ধরনের মার্কেটপ্লেস বিসিকের আরও আগেই করা দরকার ছিল। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন গত বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানে বিসিকের ‘ইমার্কেট ডটগভ ডটবিডি’র উদ্বোধন করেন। ইতোমধ্যে কয়েকশ বিক্রেতা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন বলে বিসিক কর্মকর্তারা জানান।

শিল্পমন্ত্রী অনুষ্ঠানে বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে অনলাইনে পণ্য কেনাবেচা এখন বিশ্বব্যাপী সমাদৃত। ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে তথ্যপ্রযুক্তি খাতে যে অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, তার ফলে দেশে ই-কমার্সসহ অন্যান্য ডিজিটাল সার্ভিসের সুফল মানুষ ইতোমধ্যে ভোগ করতে শুরু করেছে।’

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এলেও বাংলাদেশের উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা সমবেগে ধাবমান রয়েছে। বিসিক অনলাইন মার্কেটের মত সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ।’

প্রযুক্তি প্রতিষ্ঠান ড্রিম৭১-এর মাধ্যমে ৩৫ লাখ টাকা ব্যয়ে ওয়েবসাইটি তৈরি করিয়েছে বিসিক। উদ্যোক্তা মল, মেলা, উদ্যোক্তা পরিবার, ইকমার্স পার্টনার, জেলা ব্র্যান্ডিং, গ্লোবাল পার্টনার ও ব্লগ ট্যাবে বিভিন্ন পণ্য ও সেবা রয়েছে এই ওয়েবসাইটে।