আনোয়ারায় অযত্নে পড়ে আছে শহিদ মিনার

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

আনোয়ারা উপজেলায় অযত্নে পড়ে আছে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার। গত বছর উপজেলার ভেতরে নতুন একটি শহিদ মিনার নির্মাণ হয়। এর পর থেকে দেখভালের অভাবে উপজেলার প্রধান এই শহিদ মিনার অযত্নে পড়ে রয়েছে বলে জানায় সচেতন মহল। সরেজমিনে দেখা যায়, বড় বড় গাছের চারা আর আগাছায় ঢেকে আছে শহিদ মিনারটি। এর আঙিনা ঘাস আর লতাপাতায় ছেয়ে গেছে। মিনারের পাদদেশে পড়ে আছে ময়লা-আবর্জনা। ফলে বাইরে থেকে দেখে শহিদ মিনারের অবস্থান বোঝার উপায় নেই। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, আজকেই শহিদ মিনারটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যবস্থা নেওয়া হবে।