নাঙ্গলকোট পৌরসভা নির্বাচন
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোট পৌরসভার সাধারণ নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন ৫৪ জন প্রার্থী। আগামীকাল সোমবার এই পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে একক প্রার্থী হওয়ায় ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়ে গেছেন। এখন শুধু সংরক্ষিত তিনটি ওয়ার্ড ও সাধারণ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জন এবং সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১১ জন কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১১টি ভোটকেন্দ্রের ৬৪টি বুথে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের দায়িত্বরত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।