খন্দকার মাহবুবের অবস্থার উন্নতি

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকাল শনিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। দুই-এক দিনের মধ্যে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।

শায়রুল কবির খান জানান, খন্দকার মাহবুব হোসেনের স্ত্রী ও মেয়ের সঙ্গে তার কথা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে আছেন। দুই-এক দিন পর তাকে কেবিনে স্থানান্তর করা হবে। করোনায় সংক্রমিত হওয়ায় গত ১৭ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মাহবুবকে। লক্ষণ দেখা দেওয়ায় ঐ দিন করোনার পরীক্ষা করান এই দেশবরেণ্য ফৌজদারি আইন বিশেষজ্ঞ। পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়লে ঐ দিন সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।