উগ্রবাদী বই প্রকাশ প্রকাশক গ্রেপ্তার

জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বাংলাবাজারের আল রিহাব পাবলিকেশনসের প্রকাশক ও মালিক হাবিবুর রহমান ওরফে শামীমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে পুরান ঢাকার বাংলাবাজার এলাকার ইসলামি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

পুলিশের দাবি, হাবিবুর রহমান জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তিনি মুফতি জসীম উদ্দিন রাহমানীর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন উগ্রবাদী বই প্রকাশ ও বিক্রি করতেন। এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান গতকাল রবিবার জানান, ‘ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থেকে বৃহস্পতিবার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কাওসার আহাম্মেদ ওরফে মিলনকে গ্রেপ্তার করা হয়। কাওসারের দেওয়া তথ্যের ভিত্তিতে হাবিবুরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ধর্মীয় বইয়ের প্রকাশনা আল রিহাব পাবলিকেশনসের মালিক। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের মোহনপুরে। তিনি ২০১৬ সালে প্রকাশনা সংস্থাটি চালু করেন।’