পাইলট আসায় রাজশাহীতে নির্বাচনের আভাস

বিসিবি নির্বাচন

‘এবার রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছি। যদি ভালো পরিবেশ পাই, নির্বাচন করার মতো, যদি দেখি সবাই চাচ্ছে, তাহলে নির্বাচন করবো, না হয় করব না।’

স্পোর্টস রিপোর্টার

প্রতিপক্ষ নেই বলাই ভালো। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন সংগঠকদের টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে আসার পথে প্রতিবন্ধকতাও নেই। তারপরও নির্বাচনের আগে নিজেদের মধ্যেই কিছু সমীকরণ মেলানোর কাজ নিয়ে এখন ব্যস্ত বিসিবির কর্তারা।

পরিচালকদের তালিকায় কয়েক জন নতুন মুখ দেখা যাবে এবার। গতকাল ছিল নির্বাচনে কাউন্সিলরশিপ চূড়ান্ত করার শেষ দিন। বিসিবি থেকে জানা গেছে, গতকালই কাউন্সিলরশিপ ফরম জমা হয়ে গেছে সবার। মোট ১৭৪ জন কাউন্সিলর। তারাই হবেন ভোটার। আজ ভোটার তালিকা নির্বাচন কমিশনকে দেওয়া হবে। তারপরই নির্বাচন কমিশন তপশিল ঘোষণা করবে।

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন খালেদ মাসুদ পাইলট। সাবেক এ অধিনায়ক আগে খেলোয়াড় কোটায় কাউন্সিলর ছিলেন। রাজশাহী বিভাগ থেকে গত দুই মেয়াদে পরিচালক হওয়া সাইফুল আলম স্বপন চৌধুরীও পাবনা জেলা থেকে কাউন্সিলর হয়েছেন। রাজশাহীতে নির্বাচন হওয়ার আভাস মিলছে।

পাইলট অবশ্য গতকাল জানিয়েছেন, পরিবেশ থাকলে, সবাই চাইলে নির্বাচন করবেন। তিনি বলেন, ‘এবার রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছি। যদি ভালো পরিবেশ পাই, নির্বাচন করার মতো, যদি দেখি সবাই চাচ্ছে, তাহলে নির্বাচন করবো, না হয় করবো না।’ তবে নির্বাচন করতে প্রস্তুত সাইফুল আলম স্বপন চৌধুরী। গতকাল তিনি বলেছেন, ‘আমি দুই বার আসছি, দুই বারই নির্বাচন করেছি। তেমন পরিবেশ তৈরি হয়ে গেলে এবারও নির্বাচন করবো।’ রাজশাহী বিভাগে মোট ভোট ৯টি। পাইলট মাঠে নামলে এ বিভাগে পরিচালক পদে নির্বাচন হবে।

ঢাকার ক্লাব ক্রিকেটে পরিচালকদের কোটায়ও কয়েকটি পরিবর্তন আসছে। পারিবারিক ও স্বাস্থ্যগত কারণে নির্বাচনে থাকছেন না পরিচালক হানিফ ভূঁইয়া। পরিচালকদের সূত্রে গতকাল জানা গেছে, ঘনিষ্ঠজনদের কাছে অনেক আগেই এমন ইচ্ছার কথা বলে রেখেছিলেন তিনি। ২০১৯ সালে সিলেট স্টেডিয়ামে বিপিএল চলাকালীন হার্ট অ্যাটাক হওয়ার পরই পরিবার থেকে তাকে ক্রিকেট ছাড়তে বলা হয়েছিল। সেই সিদ্ধান্ত বদলায়নি বলেই হানিফ ভূঁইয়া থাকছেন না এবারের নির্বাচনে। বিসিবি পরিচালক তানজিল চৌধুরী, শওকত আজিজ রাসেল, লোকমান ভূঁইয়ারাও নির্বাচনে নেই।

ক্লাব কোটায় নতুন করে সাবেক ক্রিকেটার ইফতেখার মিঠু, ওবায়েদ নিজাম, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান বোর্ড পরিচালক হতে যাচ্ছেন। মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান অবশ্য কাউন্সিলর হয়েছেন মোহাম্মদপুর ক্রিকেট একাডেমি থেকে।