গৌরীপুর সাবরেজিস্ট্রার অফিস
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
দাউদকান্দি উপজেলার গৌরীপুর সাবরেজিস্ট্রার অফিসের ৯০টি বালাম বই এবং সহস্রাধিক দলিল বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাতের প্রবল বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দাউদকান্দি উপজেলার গৌরীপুর সাব রেজিস্ট্রার অফিসের ভেতরে পানি ঢুকে যায়। এতে অফিসের ভেতরে মেঝের মধ্যে স্তূপাকারে ছড়িয়ে ছিটিয়ে রাখা সহস্রাধিক দলিল এবং ৯০টি বালাম বই ভিজে বিনষ্ট হয়ে গেছে। পরদিন রবিবার অফিস করতে এসে কর্মকর্তা কর্মচারীরা এ চিত্র দেখতে পান। পরে এগুলো ইস্ত্রি দিয়ে শুকানোর চেষ্টা চালানো হয়। বিষয়টি জানাজানি হলে সোমবার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা ভেজা দলিলপত্র এবং বালাম বই দেখতে পান।
গৌরীপুরের সাবরেজিস্ট্রার মোমেন মিয়াকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বৃষ্টির পানি ঘরে ঢুকে যাবে এমনটা ভাবতে পারি নাই। তিনি বলেন, রেকের নিচের তাকে যে বালাম এবং দলিলগুলো ছিল সেগুলোই অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবগুলোই শুকানো সম্ভব হবে। দলিলগ্রহিতাদের যাতে কোনো প্রকার সমস্যা বা হয়রানি না হয় সে ব্যাপারে যথাযথ চেষ্টা চালানো হচ্ছে।
এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, আগামী সাত দিন দলিল সম্পাদনের কাজ বন্ধ রেখে ক্ষতিগ্রস্ত বালাম বই এবং দলিলগুলো রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এক মাসের মধ্যে এখান থেকে গৌরীপুর বাজারেই অন্য কোনো দালানে নতুন অফিস স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে।