স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১২ জন আহত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টায় রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের যোগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমেশ চন্দ্র (৫৫) ঐ গ্রামের বাসিন্দা। এলাকাবাসী সূত্রে জানা যায়, রমেশ চন্দ্রের সঙ্গে প্রতিবেশী শ্যামল চন্দ্র ও সুধীর চন্দ্রের ৫৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের দায়ের করা পালটাপালটি কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে। এরই জেরে রবিবার বিকালে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এতে রমেশ চন্দ্র ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয়েছে ১২ জন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর সদর কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, জমি নিয়ে সংঘর্ষে রমেশ চন্দ্র নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।