ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আখলাক মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। রবিবার রাতে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও গ্রামের দক্ষিণের মাঠে খেতের জমি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আখলাক মিয়া পার্শ্ববর্তী মোল্লাআতা গ্রামের জাহির আলীর ছেলে ও গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী। পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় হোছন সুপার মার্কেটের সামনে ভ্রাম্যমাণ দোকান দিয়ে ব্যবসা করতো আখলাক মিয়া। রবিবার রাতে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে বুড়াইরগাঁও-বাউভোগলী সড়কের বুড়াইর গাঁওগ্রামের দক্ষিণের কবরস্থান এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ জমিতে ফেলে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ছাতক থানার উপপরিদর্শক শামসুল আরেফিন জানান, সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।