ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর রামপুরা থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুই মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আগামী ২৯ অক্টোবর এই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রাখা হয়েছে। গতকাল ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক ফাতেমা ফেরদৌস আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—বিএনপি নেতা সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, শামছুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব-উন-নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলু, মীর সরাফত আলী সফু, আজিজুল বারী হেলাল প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০ দলের ডাকা হরতালের সমর্থনে অজ্ঞাত পরিচয় ৪০-৪৫ জন বিএনপি-জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রামপুরা থানাধীন ডিআইটি রোডস্থ ন্যাশনাল ব্যাংকের সামনে অবস্থান নেন। তারা আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং এক যাত্রী গুরুতর আহত হয়। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে কর্তব্য কাজে বাধা দেয়। এ ঘটনায় রামপুরা থানায় মামলা করা হয়। পরে তদন্ত শেষে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।