ইসি সঠিকভাবে কাজ করছে না --- জি এম কাদের

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সঠিকভাবে কাজ করছে না, অথবা সঠিকভাবে কাজ করতে পারছে না। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির অনেক ক্ষমতা আছে। কিন্তু সাধারণ মানুষের কাছে ইসির ক্ষমতা দৃশ্যমান নয়। নির্বাচনকে প্রভাবিত করতে সরকারি দলের সঙ্গে প্রশাসনের একটি অংশও জড়িয়ে পড়ছে।

তাই স্থানীয় সরকারের নির্বাচনগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না। বিরোধী মতাদর্শের প্রার্থীরা নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারছে না। মামলা-হামলা, ভয়ভীতি আর লোভ-লালসায় বিপর্যস্ত হচ্ছেন প্রার্থীরা। গতকাল জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর জাপার এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কর্মিসভার আগে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রোগমুক্তি কামনায় সেখানে দোয়া মাহফিল হয়।

ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় জি এম কাদের বলেন, জাপা স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন,  সাধারণ মানুষ মনে করছে- বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাবে। সে জন্য জাপা নতুন প্রজন্মের জন্য নিরাপদ। জাপার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব শামসুল হক, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, আনিস উর রহমান খোকন, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন, দপ্তর সম্পাদক (২) এম এ রাজ্জাক খান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।