জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। স্থানীয় সময় রবিবার বিকাল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেএফকে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা পরিবেষ্টিত হয়ে সরাসরি ম্যানহাটনের লোট গ্র্যান্ড প্যালেস হোটেলে যান। জাতিসংঘের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন। অন্যান্য দেশের বেশির ভাগ রাষ্ট্র ও সরকারপ্রধানেরাও নিউ ইয়র্কের অভিজাত এই হোটেলে অবস্থান করবেন বলে জানা গেছে।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় রবিবার বিকেলে নিউ ইয়র্কের পথে হেলসিংকি ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চাটার্ড ফ্লাইট (বিজি-১৯০২) স্থানীয় সময় বিকেল ৪টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে হেলসিংকি-ভ্যানটা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশে ছেড়ে যায়। ফিনল্যান্ডে বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
গত শুক্রবার ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে হেলসিংকি হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। নিউ ইয়র্কে যাওয়ার পথে শেখ হাসিনা হেলসিংকিতে দুই দিনের যাত্রাবিরতি করেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর ইতালি সফরের দেড় বছর পরে এটি তার প্রথম বিদেশ সফর।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইংয়ের দেওয়া তথ্যমতে, নিউ ইয়র্কের স্থানীয় সময় ২০ সেপ্টেম্বর সোমবার সকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্র ও সরকারপ্রধানদের একটি ছোট দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা।
বিকেলে প্রধানমন্ত্রী ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক’ শীর্ষক একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে রবিবার জেএফকে বিমানবন্দরে জড়ো হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা।