অণুগল্প : ক্যাটকোঁকড়িনা

নাসরীন মুস্তাফা

 

ক্যাটরিনা কাইফের ছবি ইনবক্সে পাঠিয়েছে সমু। সঙ্গে টেক্সট। ক্যাটের নতুন লুক দেখেছিস তো? অসাম! সেক্সি! ফ্যানটাসটিকো!

কোঁকড়া চুলের ক্যাটরিনা কাইফ। নতুন লুক বটে। এর আগের লুকগুলোর মতোই এক কোপে কল্লা নামিয়ে ফেলা, কেবল বদলে গেছে চুলের ধরন। ক্যাটরিনা কাইফ কোঁকড়া চুল কাঁপিয়ে নাচতে নাচতে ক্যামেরার দিকে তাকিয়েছেন। তাঁর সেই দৃষ্টিবাণে একদম ফিদা সমু। রাতে বন্ধুদের গ্রুপ কলেও ক্যাট ক্যাট করে। প্রমা না বলে পারে না, আন্টিদের নিয়ে এত কথা বলছিস! তুই ঠিক আছিস তো?

আন্টি! ক্যাটকে তুই আন্টি বলছিস!!

আকাশ থেকে পড়া সমুকে মাটিতে গেঁড়ে ফেলে প্রমার পরের প্রশ্ন। সমু, এক মাথা পিউবিক হেয়ার দেখেও তোর বমি আসছে না?

সমু দম আটকে মরে যাবে বুঝি। পিউবিক হেয়ার! ক্যাটের মাথায়! বলতে পারলি?

সমুকে মাটির নিচে নামতেই হবে আরো। প্রমা তাই চুকচুক করে আফসোস ফুটিয়ে বলে, ফকির হয়ে গেছে তোর ক্যাট। পার্লারে যেতে পারছে না। চুলটা রিবন্ডিং করাতে কতই বা খরচ! না হয় এক বেলা না খেয়ে থাকত!

আর পারে না সমু। প্রমাকে হুঁশিয়ার করে দেয়। ক্যাটরিনা কাইফের কোঁকড়া চুল বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে। প্রমা কোন সাহসে যা তা বলে যাচ্ছে!

প্রমা তখন ব্যান্ড খুলে নিজের মাথার কোঁকড়া চুলের ঝাঁপি সাজিয়ে মনে করিয়ে দেয় সমুকে। স্কুলে থাকতে কত দিন না প্রমাকে সমু বলেছে, কোঁকড়া চুল ক্ষ্যাত! পিউবিক হেয়ারের মতো লাগে! আন্টি আন্টি মনে হয়। স্মার্ট হতে হলে পার্লারে গিয়ে রিবন্ডিং করতে হবে। টাকা নেই বুঝি? এক-দু বেলা না খেয়ে থাক না! আচ্ছা, কত টাকা লেগেছে আমার মতো চুল পেতে তোর ক্যাট—থুক্কু, ক্যাটকোঁকড়িনার?

এই প্রশ্নের জবাব মেলে না। মেলেনি কখনো।

বন্ধুদের গ্রুপ ইমোজি দিতে ভুলে যায়। সমু ঢোক গিলতেই টের পায়, গলা দিয়ে নেমে যাচ্ছে সামাজিক রিবন্ডিংয়ের তেতো। বমি এলো বলে সংযোগ কেটে দিতে হয় বেচারাকে।

অলংকরণ :অবিনাশ আচার্য