গড়াই নদীতে মিলছে না ইলিশ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

এবার বর্ষা মৌসুমে গড়াই নদীতে ইলিশ ধরা পড়ছে না। বলতে গেলে মৌসুমি ইলিশ শিকারিরা খালি হতে ফিরছে। কেউ কেউ দুই-চারটি জাটকা ইলিশ পাচ্ছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া পদ্মা থেকে গড়াইয়ের উত্পত্তি স্থল। এরপর কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে মধুমতী নাম নিয়ে ভাটিতে গেছে।

গড়াই নদী তীরবর্তী শৌখিন ইলিশ শিকারি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি গ্রামের জিয়ারত আলি বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে গড়াই নদীতে ছোট-বড় ইলিশ ধরা পড়ত। গড়াইয়ের ইলিশের স্বাদ ভালো। গত বছরও এ সময় নদীতে নানা সাইজের ইলিশ ধরা পড়ে। এবার ইলিশ নেই বললেই চলে। সারা দিনে ভাটা বয়ে কেউ দু-একটি পাচ্ছে। আবার কেউ খালি হাতে ফিরছে। তবে বড় বা মাঝারি সাইজের ইলিশের দেখা মেলেনি। ২৫০-৩০০ গ্রাম সাইজের দু-একটি ইলিশ ধরা পড়ছে।

ঢাকার ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক জিয়া হায়দার চৌধুরির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, প্রতিকূল পরিবেশের কারণে গড়াই নদীতে এবার ইলিশ ধরা পড়ছে না। তবে পরিবেশ অনুকূল হলে ইলিশ মিলবে। তিনি আশা করেন আগামী দুই সপ্তাহ পরে গড়াইতে ইলিশ ধরা পড়বে।