বগুড়া জেলার গাবতলী উপজেলার নেপালতলী বর্ধিষ্ণু একটি গ্রাম। এখানে ইউনিয়ন পরিষদ ভবন, প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, মাদ্রাসা, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও হাটবাজার রয়েছে। জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে গাবতলী সারিয়াকান্দি প্রধান সড়কে অবস্থিত। সম্প্রতি বগুড়া সারিয়াকান্দি জামালপুর যমুনা নদীতে ফেরি সার্ভিস চালু হয়েছে। বগুড়া সারিয়াকান্দি সড়কের প্রশস্ততার কাজ চলছে। বগুড়া-জামালপুর সড়কটি মহাসড়কে উন্নীত হলে যাতায়াত বাড়বে, ফলে নেটওয়ার্কের চাহিদা বহুগুণে বাড়বে। এমনিতেই মোবাইল নেটওয়ার্ক পেতে কষ্টের শেষ নেই। অনেক দূরে টাওয়ার থাকায় ইন্টারনেট ব্যবহার করা যায় না। ইন্টারনেট ব্যবহারকারী শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। ঘরে বসে নেট পাওয়া যায় না। ঘরের বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেফিরে কোনো রকমে কথা বলা যায়, তারপরও বারবার কেটে যায় লাইন। বিরক্তির শেষ নেই। নেটওয়ার্কের এই বিড়ম্বনা ঘোচাতে জনবহুল এলাকায় মোবাইল ফোনের টাওয়ার স্থাপনের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. জহুরুল ইসলাম তরফদার
নেপালতলী, গাবতলী,
বগুড়া