কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে গড়াই নদীর প্রতিরক্ষা বাঁধসংলগ্ন শহরের থানাপাড়া এলাকার বাড়ি থেকে মা আকলিমা খাতুনের (৩০) ঝুলন্ত লাশ ও বিছানার ওপর থেকে ৯ মাস বয়সি শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, অটোরিকশা চালক রতনের স্ত্রী ও ছেলে জিম থানাপাড়া এলাকার বাড়িতে থাকত। স্বামীর বাড়িতে সংস্কার কাজ চলায় মঙ্গলবার রাতে একই এলাকায় বাবার বাড়িতে নয় মাসের ছেলে জিমকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন আকলিমা। পরদিন বুধবার ভোরে এলাকাবাসী ঐ ঘরের আড়ার সঙ্গে আকলিমার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ আকলিমার ঝুলন্ত লাশ ও বিছানার ওপর থেকে শিশু জিমের লাশ উদ্ধার করে। কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, মা ও ছেলের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।