স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার হকি দলবদলের আজ শেষ দিন। গতকাল মোহামেডান তাদের খেলোয়াড়দের রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে। আগেই ছয় জন খেলোয়াড়কে কমিশনে রেজিস্ট্রেশন করিয়েছিল। গতকাল সমর্থকদের নিয়ে ব্যান্ডবাদ্য বাজিয়ে স্টেডিয়াম এলাকা গরম করে ফেলল। কয়েক শ সমর্থকের ভিড় চোখে পড়ল হকি স্টেডিয়ামে। ক্লাব থেকে খেলোয়াড়-কোচ-কর্মকর্তাদের গুছিয়ে ফেডারেশনে পাঠিয়েছেন ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশিদ চৌধুরী এমপি। ক্লাব আঙিনায় খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন, ছবি তুলেছেন। কাজটা গুছিয়ে নিতে পরামর্শ দিলেন।
পিন্টু, তাহের আলী, কৌশিক, রাকিন, অজিত, অসীম, রাজীব দাস, প্রমুখ খেলোয়াড়রা মোহামেডানে নাম লিখেছেন। কোচ থাকছেন মওদুদ উর রহমান শুভ।
তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুদান দিয়েছিলেন হকি ফেডারেশনকে। ওনার কারণে হকি খেলাটাও মাঠে গড়িয়েছে। এমন একটা উত্সবমুখর পরিবেশ যেন খেলার মধ্যেও থাকে এবং প্রতি বছর যেন খেলাটা হয়।’ জাতীয় দলের আরেক খেলোয়াড় আশরাফুল ইসলাম তার বাম কানের ওপর চুলে ছাঁট দিয়েছেন। পছন্দ করে সিআরসেভেন ক্রিশ্চিয়ানো রোনালদেকে। হতে চেয়েছিলেন ক্রিকেটার। হয়েছেন হকি খেলোয়াড়। আফসোস নেই। সৃষ্টিকর্তা যেখানে রেখেছেন, তাতেই খুশি এই তরুণ খেলোয়াড়। তার চোখে ঘুমিয়ে থাকা দেশের হকিটা আবার প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে। খেলার পরিবশেটা এমনই হোক সেটাই প্রত্যাশা।
আশরাফুল বললেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহামেডান দল গড়েছে।’ সোনালী ব্যাংক থেকে মোহামেডানে যোগ দেওয়া সারোয়ার মুর্শেদ শাওনকে নিয়ে মেরিনার ইয়াংসের সঙ্গে মোহামেডানের মধ্যে অপ্রীতিকর ঘটনা হকি অঙ্গনে উত্তাপ ছড়িয়েছিল। রাতেও অন্ধকারে মোহামেডানে ঢুকে মেরিনারের লোকজন ভাঙচুর করেছে বলে মোহামেডানের অভিযোগ। মেরিনারের বিরুদ্ধে মামলা করেছিল মোহামেডান। অভিযুক্তরা জামিনে আছেন। খেলা মাঠে গড়ানোর আগেই হামলা-মামলায় উত্তাপ হকিতে। এসব দেখে রোমাঞ্চ অনুভব করছেন বিকেএসপি থেকে আসা তরুণ খেলোয়াড় আমিরুল ইসলাম ও আজীজার। খেলোয়াড়েরা চান মাঠের খেলাটা যেন মাঠেই থাকে।