ফের করোনার থাবায় আইপিএল

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মাঝপথে থামাতে হয়েছে খেলা। ভেন্যু ভারত থেকে স্থানান্তর করে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। চার মাস বিরতির  পর ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয় অবশিষ্ট অংশের খেলা। কিন্তু তারপরও ফের করোনার থাবায় পড়ল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গতকাল করোনা পজিটিভ হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার টি নটরাজন। আইসোলেশনে রাখা হয়েছে তার সংস্পর্শে আসা ছয় জন ব্যক্তিকে। ইএসপিএন ক্রিকইনফোর মতে, হায়দরাবাদের বেশির ভাগ সদস্য একসঙ্গে দুবাই গেলেও, আলাদা ফ্লাইটে দুবাই যান নটরাজন। ছয় দিনের কোয়ারেন্টিন শেষে দলের সঙ্গে যোগ দেন তিনি।  করোনার থাবা পড়লেও বন্ধ হয়নি টুর্নামেন্ট। গতকাল সময়মতোই গড়িয়েছে দিল্লি ক্যাপিটালস ও হায়দরাবাদের খেলা।  এর আগে গত মে মাসে কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় মাঝপথেই টুর্নামেন্ট স্থগিত করে আইপিএল কর্তৃপক্ষ।