হাসান মুরাদের ঘূর্ণিতে কাঁপছে ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার

চট্টগ্রামে দ্বিতীয় চার দিনের ম্যাচে টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দলকে চাপে ফেলে দিয়েছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দল। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এইচপির বাঁহাতি স্পিনার হাসান মুরাদের ঘূর্ণিতে নাকাল হয়েছে ‘এ’ দল। প্রথম ইনিংসে তাদের স্কোরটাও বড় হচ্ছে না।

গতকাল ম্যাচের প্রথম দিন শেষে ৮৯.১ ওভারে ৯ উইকেটে ২২৩ রান তুলেছেন মুমিনুল হকের দল। রকিবুল হাসান ৬ রানে অপরাজিত আছেন।

টসে হেরে ব্যাট করতে নেমে সুমন খানের তোপে ১১ রানে দুই ওপেনার সাইফ হাসান (২), সাদমানকে (৬) হারায় ‘এ’ দল। তৃতীয় উইকেটে অধিনায়ক মুমিনুল ও নাজমুল হোসেন শান্ত ৮৮ রানের জুটি গড়েন। ৬২ রান করে মুমিনুল ফিরলে ভাঙে সেই জুটি। তারপরই দৃশ্যপটে হাজির হাসান মুরাদ। একে একে তার শিকার হন মিঠুন (৫), ইয়াসির আলী (০), ইরফান শুক্কুর (০)। ১১৬ রানে নেই ৬ উইকেট।

সপ্তম উইকেটে শান্ত-নাঈম হাসান ৬৫ রানের জুটি গড়ে দলের মান বাঁচান। ৭২ রান করা শান্তকে ফেরান শাহাদাত হোসেন দিপু। নাঈম হাসান, শহীদুলের প্রতিরোধও ভাঙেন হাসান মুরাদ। নাঈম হাসান ৩২, শহীদুল ৩৬ রান করেন। হাসান মুরাদ ৪৭ রানে ৫টি ও সুমন খান ২টি উইকেট নেন। উল্লেখ্য, সিরিজের প্রথম চার দিনের ম্যাচটি বৃষ্টিতে ড্র হয়েছিল।