৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ ও বিক্রয় বন্ধ থাকবে।

ইলিশের উত্পাদন বাড়াতে জাটকা রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ে ইলিশ আহরণ ও বিক্রয় বন্ধের পাশাপাশি পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল বুধবার মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে গত ২০০৩-২০০৪ অর্থবছর থেকে জাটকা রক্ষায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। ফলে ধীরে ধীরে ইলিশের উত্পাদন বাড়ছে। বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, শুধু পূর্ণিমায় নয়, এ সময়ের অমাবস্যাতেও ইলিশ ডিম ছাড়ে। পরে পূর্ণিমার সঙ্গে অমাবস্যা মিলিয়ে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২০০৮ সাল থেকে জাটকা রক্ষায় মা ইলিশ ধরায় এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, দেশের মোট মত্স্য উত্পাদনের প্রায় ১২ শতাংশ আসে ইলিশ থেকে। আর সরকারি হিসেবে জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশ । গত অর্থবছরে দেশে ৫ লাখ ৫০ হাজার টন ইলিশ আহরিত হয়েছে।