বাফুফের সাবেক মিডিয়া ম্যানেজার আহমেদ সাঈদ আল ফাতাহ (৪১) গতকাল ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বুধবার রাত ৩টায় হঠাত্ ঘুম থেকে ওঠে স্ত্রীকে জানান তার খারাপ লাগছে। ভোরের দিকে বুকে ব্যথার সঙ্গে বমি করেন। সঙ্গে সঙ্গে তাকে বাড়ির পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন বলে জানিয়েছেন ফাতাহর একমাত্র ছোট ভাই আহমেদ সাঈদ আস সাবাহ। গতকাল বেলা ১১টায় ঢাকা ক্যান্টনমেন্টের আল্লাহু কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সেখানেই তাকে দাফন করা হয়। সাইফ পাওয়ারটেকের প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টসের (এসজিএস) জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার অকাল মৃত্যু ক্রীড়াঙ্গনের মানুষদের শোকাহত করেছে। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন ফাতাহ। ঝিনাহদহ ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। কর্মস্থলেও মেধার স্বাক্ষর রাখেন। ২০০৪ হতে ২০১১ সাল পর্যন্ত বাফুফেতে দায়িত্ব পালন করেন ফাতাহ। এরপর বাফুফের মার্কেটিং-বিপণন বিভাগেও কাজ করেছেন। ২০১৫ সালে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করেছেন। ২০১৭ সালে সাইফ পাওয়ারটেকে যোগ দেন তিনি। এই অঞ্চলে ফিফা এএফসির স্বীকৃত একমাত্র রিজিওনাল ইনস্ট্রাক্টর ছিলেন তিনি। স্ত্রী, পাঁচ বছর বয়সি এক মেয়ে, মা, এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ফাতাহ। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক ক্রীড়া সংগঠক তরফদার মো. রুহুল আমিন, বাফুফে, বিসিবি, বিএসপিএ, বিএসজেএ, বিডিডিএফ, বিএফসিএ, সোনালী অতীত ক্লাব, সাবেক ফুটবলার শেখ আসলাম, আব্দুল গাফ্ফারসহ বিভিন্ন সংগঠন।