হাতিরঝিল এলাকায় গাড়ির ধাক্কায় মনির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি পেশায় গাড়িচালক। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী এক পথচারী বলেন, নিহত ব্যক্তির কাছে দুইটি মোবাইল ফোনসেট ও একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সেখানে লেখা তার বাড়ি চাঁদপুরে শাহরাস্তি থানার লকমোতা গ্রামে। বাবার নাম হাজিল উদ্দিন। নিহত মনিরের মোবাইল ফোন থেকে পাওয়া নম্বরে ফোন করে তার পরিবারকে খবর জানানো হয়েছে। তার এক আত্মীয় জানিয়েছেন, নিহত ব্যক্তি গাড়িচালক। তবে ঢাকায় তার বাসা কোথায় সে সম্পর্কে কিছু জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। হাতিরঝিল থানাকে বিষয়টি জানানো হয়েছে।