ছুটির দিনটাতে পরিবারের সবার সঙ্গে মজার খবার খেতে সবাই পছন্দ করেন। সপ্তাহের অন্য দিনগুলোর একঘেয়ে খাবার থেকে কিছুটা মুক্তি পেতে ভিন্ন স্বাদের নতুন নতুন খাবারের পদ ছুটির দিনে হলে মন্দ হয় না। সে ভাবনা থেকেই এবারের আয়োজনে মজার ৩ টি খাবারের রেসিপি থাকছে। আর খাবারগুলো কীভাবে বানাবেন জানিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি।
টিক্কা বিরিয়ানি
প্রয়োজনীয় উপকরণ
টিক্কা রান্না করতে
- বনলেস মুরগি (সিনার অংশ কিউব করে কাটা) ১/২ কেজি
- টক দই ৩ টেবিল চামচ
- গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
- মরিচ গুঁড়া ১ চা চামচ
- টমেটো পিউরি ১ চা চামচ
- গরম মসলা গুঁড়া ১ চা চামচ
- আদা বাটা ১ টেবিল চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- টিক্কা মসলা ১ টেবিল চামচ
- সরিষা গুঁড়া ১ টেবিল চামচ
- লেবুর রস ১ টেবিল চামচ
- চিলি গার্লিক সস ১ টেবিল চামচ
- সরিষার তেল ৩ টেবিল চামচ
- জর্দা রঙ পরিমাণমতো
- লবণ ও চিনি স্বাদমতো
বিরিয়ানি রান্না করতে
- বাসমতি চাল (আস্ত জিরা ১ টেবিল চামচ, কালো গোলমরিচ ১০/১২ টি, তারা মসলা ১ টি ও ১ টেবিল চামচ লবণ) দিয়ে সিদ্ধ করা ১/২ কেজি
- ধনেপাতা কুঁচি ৩ টেবিল চামচ
- পুদিনা পাতা ৩ টেবিল চামচ
- পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ
- ঘি ৩ টেবিল চামচ
- সরিষার তেল ৩ টেবিল চামচ
- টমেটো ১টি
- সবুজ শিমলা মরিচ ৩ টি
- কয়লা ২/৩ টুকরা
- তরল দুধ ১/২ কাপ
- জাফরান ১/৪ চা চামচ
- ফয়েল পেপার পরিমাণমতো
- লেটুস পাতা সাজাবার জন্য
প্রস্তুত প্রণালী
প্রথমেই টিক্কা রান্না করার সমস্ত উপকরণ দিয়ে মুরগি মেখে ১৫ মিনিট রেখে দিতে হবে। এ সময়টাতে তরল দুধে জাফরান মিশিয়ে রাখতে হবে। এবার মেখে রাখা মুরগির মাংস হাঁড়িতে ঢেলে কষিয়ে ঢাকনা ঢেকে রান্না করতে হবে। তারপর মাংস সিদ্ধ হলে গ্রিলারে একটু ঝলসে নিতে হবে। এরপর হাঁড়িতে ঘি গরম করে শিমলা মরিচ ও টমেটো নেড়ে মসলা দিয়ে তারপর আবার নেড়ে মুরগি দিয়ে নেড়ে উঠিয়ে সিদ্ধ চাল দিতে হবে। এ পর্যায়ে মুরগি, ধনেপাতা, পুদিনাপাতা, বেরেস্তা, জাফরানসহ দুধের মিশ্রণ অল্প করে দিয়ে আবার লেয়ার দিয়ে দিতে হবে। ফয়েল পেপারে গরম কয়লা দিয়ে উপরে ঘি দিয়ে দমে ১৫ মিনিট রেখে মিশিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘টিক্কা বিরিয়ানি’।
ফিউশন স্টাইল বিফ সালাদ
প্রয়োজনীয় উপকরণ
- গরুর চাকা মাংস ৩০০ গ্রাম
- সয়াসস ১ টেবিল চামচ
- আদা বাটা ১ চা চামচ
- লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম ১ কাপ
- গাজর ১/৪ কাপ
- শশা ১/৪ কাপ
- কাসুন্দি ১/৪ কাপ
- মেয়োনিজ ২ টেবিল চামচ
- কাঁচা মরিচ কুঁচি ১ টেবিল চামচ
- ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ
- অলিভ অয়েল ১ চা চামচ
- লবণ ও চিনি স্বাদমতো
প্রস্তুত প্রণালী
প্রথমে মাংস ফিঙ্গার সাইজে কেটে সয়াসস, আদা বাটা ও লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এর পাশপাশি সবজিগুলো ফিঙ্গার সাইজে কেটে রাখতে হবে। এবার একটি পাত্রে কাসুন্দি, মেয়োনিজ, কাঁচা মরিচ, ধনেপাতা, অলিভ অয়েল ও স্বাদমতো লবণ-চিনি দিয়ে মিশিয়ে সালাদের ড্রেসিং তৈরি করে নিতে হবে। সবশেষে সব উপকরণ একসাথে মেখে পরিবেশন করুন ভিন্ন স্বাদের ‘ফিউশন স্টাইল বিফ সালাদ’।
গরুর বোম্বাই ভুনা
প্রয়োজনীয় উপকরণ
- মাংস ১ কেজি
- তেল ৪ টেবিল চামচ
- আদা বাটা ১ টেবিল চামচ
- রসুন বাটা ১ টেবিল চামচ
- পেঁয়াজ কুঁচি আধা কাপ
- কাশ্মীরি মরিচ গুঁড়া ১ চা চামচ
- হলুদ গুঁড়া ১ চা চামচ
- এলাচ ৩টি
- দারুচিনি ২ টুকরা
- তেজপাতা ২টি
- জিরা গুঁড়া ১ চা চামচ
- ধনে গুঁড়া ১ চা চামচ
- তেঁতুলের কাঁথ ১ টেবিল চামচ
- চিনি ১ চা চামচ
- বোম্বাই মরিচ ১টি (বিচি ফেলে কুঁচি করা)
- বোম্বাই মরিচ বাটা ১টি
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি বাদামি করে ভেজে নিতে হবে। তারপর সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে মসলা কষিয়ে নিন। এরপর মসলা কষানো হলে মাংস দিয়ে রান্না করুন। সবশেষে মাংস সিদ্ধ হয়ে এলে তেঁতুলের কাঁথ, চিনি ও বোম্বাই মরিচ কুঁচি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মুকরোচক ‘গরুর বোম্বাই ভুনা’।
ইত্তেফাক/আরএম