ইঞ্জিন ও জনবলসংকটে চলছে না চার ট্রেন

পার্বতীপুর রেল স্টেশন

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা

করোনাকালীন লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পার্বতীপুর স্টেশনের ৬৮টি ট্রেন চলাচল করলেও এখনো চারটি ট্রেন চলাচল শুরু করেনি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। রেলওয়ে সূত্র জানায়, প্রয়োজনীয় ইঞ্জিন ও জনবলের অভাবে দুটি ট্রেনের চলাচল এখনো শুরু করা যায়নি। অপরদিকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে পার্বতীপুরের দুইটি ডেমু ট্রেন।

সূত্র জানায়, প্রয়োজনীয় ইঞ্জিন ও জনবলের অভাবে লকডাউনের পরেও চালু হয়নি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন ও সান্তাহার স্টেশনে চলাচলকারী ৭ ও ৮ নম্বর আপ-ডাউন উত্তরবঙ্গ মেইল এবং পার্বতীপুর কুড়িগ্রাম রুটে চলাচলকারী ৪২২ নম্বর রমনা ট্রেনটি।

অন্যদিকে, ২০১৩ সালে রেলওয়ের পশ্চিমাঞ্চলে যাত্রী পরিবহন সেবার মান বাড়াতে পার্বতীপুরে দুইটি ডেমু ট্রেন চালু করা হয়। উদ্বোধনের পর পার্বতীপুর থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন ও লালমনিরহাট রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দুই সেট ডেমু ট্রেন। শুরু থেকে স্থানীয় বাসিন্দারা ট্রেন দুটির সুবিধা পেলেও এখন যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বর্তমানে ডেমু ট্রেনগুলো পার্বতীপুর ডিজেল শপে মেরামতের জন্য লোকোশেডে রাখা আছে। ট্রেনের কিছু অংশ অর্থাত্ হাইড্রোলিক সিস্টেম, ব্রেকিং, কুলিং ও ফিটিং সিস্টেমের কাজ সচল করার জন্য লোকোশেডের কর্মচারীরা কাজ করছেন। কিন্তু যান্ত্রিক বিষয়গুলো নতুন হওয়ায় এগুলোতে কিছু জটিলতা রয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ পশ্চিমাঞ্চল জোনের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক নুর মোহাম্মদ ও পার্বতীপুর স্টেশন মাস্টার শওকত আলী জানান, লোকোমোটিভ স্বল্পতা ও প্রয়োজনের তুলনায় রেলকর্মচারী কম থাকায় ট্রেনগুলো চালু করা সম্ভব হচ্ছে না।