জরাজীর্ণ সেতু সংস্কারের আবেদন

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের শিবনাথ সাহার বাজার সংলগ্ন সেতুটি জরাজীর্ণ। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে তৈরি এই সেতু দিয়ে কুড়িখাই ও বোয়ালিয়া গ্রামের মানুষ ছাড়াও পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার মানুষও যাতায়াত করে। ঝুঁকি নিয়ে ইজিবাইক, সিএনজি, অটোরিকশা, ভারী যানবাহন পারাপার হচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আশেপাশের তিন-চার কিলোমিটার এলাকার মানুষ শিবনাথ সাহার বাজারে হাট-বাজার করে থাকে। সেতুটি পুরনো হওয়ায় এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার ওপর সাইড রেলিং না থাকায় যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে যাওয়া বিচিত্র নয়। সেতুটি অবিলম্বে সংস্কার করে সর্বসাধারণ ও যানবাহনের ঝুঁকিমুক্ত যাতায়াতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমীপে বিনীত আবেদন জানাচ্ছি।

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী, কিশোরগঞ্জ