স্পোর্টস রিপোর্টার
বিশ্ব চ্যাম্পিয়ন আকবর আলীদের উত্তরসূরি নবগঠিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম আন্তর্জাতিক সিরিজটা ভালো কাটেনি। দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ৩-২ এ জিতলেও একমাত্র চার দিনের ম্যাচে হেরে গেছে বাংলাদেশ যুব দল। হোম সিরিজ শেষে এবার প্রথমবার বিদেশ সফরে যাচ্ছে যুবারা।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কা সফরে যাবে টাইগার জুনিয়ররা। গতকাল সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ম্যাচগুলোর ভেন্যু অবশ্য জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী আগামী ১৫, ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা। পুরো সিরিজটাই হবে জৈব সুরক্ষা বলয়ের অধীনে। মূলত ২০২২ আইসিসি যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দ্বিপাক্ষিক এ ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। ইতিমধ্যে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের জন্য কলম্বোয় ক্যাম্প চলছে লঙ্কান যুবাদের। হেড কোচ আভিস্কা গুনাবর্ধনে, ফিল্ডিং কোচ উপুল চন্দনার অধীনে অনুশীলন করছে লঙ্কানরা।