মিয়ানমারের সাগাইং অঞ্চলে সামরিক বাহিনীর বিমান হামলা

মিয়ানমারের সাগাইং অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের পর সেখানে বিমান হামলা শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। সংঘর্ষের কারণে স্যাগাইংয়ের কিছু জেলায় ইন্টারনেট সংযোগ ও ফোন লাইনও বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

সামরিক জান্তা সরকার ক্ষমতায় আসার পর মিয়ানমারের বিভিন্ন অংশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে। তাদের ঠেকাতে বিভিন্ন জেলায় অব্যহতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সেনা বাহিনী।

পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফএস) এর এক সদস্য এলাকাটির বাইরে থেকে ফোনে নিশ্চিত করে জানিয়েছেন যে, বিমান হামলা হয়েছে। তবে পিডিএফ এর কেউ হতাহত হননি।

নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পিডিএফের ওই সদস্য বলেন, ইন্টারনেট এবং ফোন সংযোগ বিচ্ছিন্নের কারণে আমরা সহকর্মীদের সাথে যোগাযোগ করতে পারছি না। 

এর আগে, সংঘাতের সময় মিয়ানমারের সেনাবাহিনী বিক্ষোভ দমনে শহরগুলোতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় দেশটির জান্তা সরকার। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) থেকে এখন পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনী চিন রাজ্য এবং ম্যাগওয়ে অঞ্চলের সংঘাত-কবলিত ১১টি জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

ইত্তেফাক/এএইচপি