বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর বাজার থেকে মহিশুড়া পাকা সড়কে জলাবদ্ধতার জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। মথুরাপুর বাজার থেকে গোপালনড় ইউনিয়নের যোগাযোগের রাস্তা এটি। গত চার বছর কোনো সংস্কার না করায় বিভিন্ন স্থানে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে ইটের খোয়া বের হয়েছে; কোথাও কোথাও রাস্তা ধসে নিচু জমিতে নেমে গেছে, আবার কোথাও পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে রাস্তার গেরুয়াহাটি গ্রামের মেম্বার বাড়ির সামনে জলাবদ্ধতার কথা বলতে হয়। একটু বৃষ্টি হলেই হাঁটুর নিচে চলে যায় রাস্তাসহ আশপাশের ৮ বাড়ি। দীর্ঘ ৩ মাস হলো জলাবদ্ধতার কারণে ৮ পরিবারের মধ্যে ১ পরিবার অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। অন্য ৭ পরিবারের দিন কাটছে দুর্বিষহ। মথুরাপুর-মহিশুরার রাস্তায় ধেরুয়াহাটি গ্রামের মেম্বার বাড়ির সামনের অংশে পুকুর ছিল—তখন বৃষ্টি হলে পানি সহজেই বের হয়ে যেতে পারত। কিন্তু গত বছর পুকুর ভরাট করে সবজির বাগান করায় এখন পানি বের হওয়ার জায়গা নেই। এই জলাবদ্ধতা দূর করার জন্য আশু ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ধুনট উপজেলার কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
আবদুল হামিদ, ধুনট, বগুড়া