ভারতের বিপক্ষে না হারলে ভালো

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সাফের ট্রফিতে চোখ রাখলেও ভারতকে সমীহ করেই কথা বলছেন। রাকঢাক না করে পরিষ্কার বলে দিয়েছেন, ‘ভারতের কাছে না হারলেই ভালো।’ ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আর ভারত সাফের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। কঠিন প্রস্তুতি নিয়ে আসছে সুনীল ছেত্রীর ভারত।

বিশ্বকাপ বাছাইয়ে সুনীলের জোড়া গোলে ভারতের কাছে হেরেছিল জামালদের বাংলাদেশ। আবার সেই সুনীলরা প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশকে হারাবেন। জামালরা কি পারবেন জয় তুলে নিতে। জামাল ভুঁইয়া বলছেন, ‘ভারত হচ্ছে এই সাফের ফেভারিট দল। প্রথম ম্যাচ যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে, এখন আমাদের প্রথম শত্রু শ্রীলঙ্কা। আর ভারত হচ্ছে র?্যাংকিং হিসেবে ফেভারিট। প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে তিন পয়েন্ট পেলে শুরুটা ভালো হবে। আর ভারতের বিপক্ষে না হারলে এটা ভালো।’ তাহলে কি ভারতকে ভয় পাচ্ছে। জামালরা ভয় পাচ্ছে না। কারণ ভারত ম্যাচের পর মালদ্বীপ এবং নেপালের বিপক্ষে খেলা। এই দুটি ম্যাচও গুরুত্বপূর্ণ। জামালের কথা হচ্ছে ভারতের বিপক্ষে না হেরে ড্র রাখা যায় তাহলে শেষ দুই ম্যাচে মালদ্বীপ ও নেপালের বিপক্ষে লড়াই হবে ভিন্ন মাত্রার। ফাইনালে যাওয়ার মূল শক্তিটা এখান থেকে উত্সারিত হবে। তার আগে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের বিপক্ষে অন্তত ড্র রাখতে হবে।  জামাল বললেন, ‘শেষ কয়েক দিন আমরা কঠোর পরিশ্রম করেছি। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে চায়। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে যেতে চাই। সবাই আত্মবিশ্বাসী এবং আশা করি, সাফ হতে সাফল্য নিয়ে আসতে পারব।’

নতুন কোচ অস্কার প্রসঙ্গে জামাল বললেন, ‘এটা একটা প্রসেস, কোনো কিছু এক দিনে হয় না। কীভাবে খেলব বা এভাবে নয় এভাবে খেলতে হবে, সেটা প্রথম দিনেই ক্লিয়ার করে বলে দিয়েছেন কোচ এবং সে এটাও ক্লিয়ার করেছে যে, প্লেয়ারদের কাছ থেকে কি চায়—এটা আসলেই গুরুত্বপূর্ণ। অস্কারের কৌশলে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না। সে যে কৌশলে খেলায় লিগে অনেকেই সেভাবে খেলেছে। তাই মনে করি কোনো সমস্যা হবে না।’