পিএসজির ‘প্রতিশোধের’ লড়াই

স্পোর্টস ডেস্ক

অন্য সবার মতো পেপ গার্দিওলাও কল্পনা করতে পারেননি। নিজে বার্সেলোনা ছাড়লেও, ভেবেছিলেন ব্লাউগ্রানা জার্সিতেই ক্যারিয়ার শেষ করবেন লিওনেল মেসি। কিন্তু কল্পনা আর বাস্তবতার পার্থক্য এখানেই। বার্সেলোনা নয়, প্যারিস সেইন্ট জার্মেইর লিওনেল মেসির বিপক্ষেই আজ শিষ্যদের তৈরি করবেন ম্যানচেস্টার সিটি কোচ।

পিএসজির হয়ে তিন ম্যাচ খেলে ফেলেছেন মেসি, কিন্তু এখনো গোল পাননি। হাঁটুর ইনজুরির কারণে খেলেননি শেষ দুই ম্যাচ। তবে চ্যাম্পিয়নস লিগে গার্দিওলার দলের বিপক্ষে বরাবরই উজ্জ্বল। চার ম্যাচ খেলে করেছেন ছয় গোল। তাই গার্দিওলা ঠিকই বোঝেন, গোলক্ষুধা কাটাতে বেশি সময় নেবেন না মেসি।      

প্রথম লেগে পার্ক দে প্রিন্সেসে নামার আগে সাবেক শিষ্যকে নিয়ে গার্দিওলা বলেন, ‘এই ধরনের খেলোয়াড় মাঠেই নিজের কথা বলে। আমার এখানে যোগ করার কিছু নেই। আমরা ভাগ্যবান তাকে ১৫ বছর ধরে খেলতে দেখছি। আমার তাকে বর্ণনার বা তাকে নিয়ে কথা বলতে হবে না। আশা করি, খেলার সুবিধার জন্য সে আগামীকাল (আজ) খেলবে।’

দুই ক্লাবই গড়ে উঠেছে পেট্রোডলারের ঝনঝনানিতে। চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে দেখা হয়েছিল তাদের। সেমিফাইনালের দুই লেগে দুই বারই জিতে সিটি। চলতি মৌসুমে একই গ্রুপে (‘এ’) পড়ার পর থেকেই দুই দলকে নিয়ে তৈরি হয় আলাদা রোমাঞ্চ। মৌসুমের শুরুটা সিটি বড় জয় দিয়ে করলেও পিএসজির হয় ড্র দিয়ে।

মুখ ফুটে না বললেও পিএসজির জন্য নিজেদের মাঠে ম্যাচটি অলিখিত প্রতিশোধের। মেসি যোগ হওয়ার পর নেইমার, কিলিয়ান এমবাপ্পেকে আক্রমণ ভাগের অন্যতম প্রতাপশালী দল তারা। এই আক্রমণত্রয়ীকে দেখা যাবে কি না, এই প্রশ্নে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো বলেন, ‘আমি কখনোই ম্যাচের আগের দিন একাদশ ঠিক করি না। আমরা নির্মাণ প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা এমন এক দলের মুখোমুখি হব যে দলের কোচ আমার চোখে বিশ্বের সেরা। মেসি খেলবে কি না, সেটা কালই (আজ) দেখতে পারবেন।’