নোটের ওপর লেখা সিল-স্ট্যাপলিং নয়

ইত্তেফাক রিপোর্ট

সব টাকার ওপর লেখালেখি, সিল দেওয়া ও স্ট্যাপলিং বন্ধ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ সময় ধরে টাকার নোটগুলো যেন প্রচলনযোগ্য থাকে, সে জন্য ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রচলিত ব্যাংক নোটের ওপর লেখা, সিল, স্বাক্ষর ও বারবার স্ট্যাপলিং করার কারণে অপেক্ষাকৃত কম সময়ে অপ্রচলনযোগ্য হয়ে পড়ছে। এ ছাড়া সব টাকার প্যাকেটে সিল দেওয়া ব্যাংকগুলোর নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। এতে অল্প সময়ে নোট ময়লা ও অচল হয়ে পড়ছে। আর স্ট্যাপলিংয়ের কারণে নোটের স্থায়িত্বও কমে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সব ধরনের নোটের ওপর লেখালেখি, স্বাক্ষর, সিল প্রদান ও স্ট্যাপলিং বন্ধ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, গণনাকালে নোটের ওপর লেখা, স্বাক্ষর, সিল এবং নোটরে প্যাকেটে স্ট্যাপলিং (১০০০ টাকা মূল্যমান নোট ব্যতীত) থেকে বিরত থাকতে হবে। প্যাকেটে নোটের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়ে প্যাকেট ব্যান্ডিং করার পর সংশ্লিষ্ট ব্যাংক শাখার নাম, সিল, নোট গণনাকারীর স্বাক্ষর ও তারিখসংবলিত লেবেল/ফ্ল্যাইলিফ লাগানোর বিষয়টি কঠোরভাবে পরিপালন নিশ্চিত করতে হবে।