কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে সাত ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। বুধবার সকাল ৯টায় সৈকতের দ্বিতীয় ঝাউবাগান পয়েন্টে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, সাত ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের ডলফিনটির শরীরের মাথা ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি জেলেদের জালের আঘাতে মৃত্যু হয়েছে। তারা বিষয়টি মত্স্য বিভাগ ও বন বিভাগকে জানিয়েছেন। পটুয়াখালী জেলা বনবিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ডলফিনটির ময়নাতদন্তের জন্য শরীরের কিছু অংশ রেখে স্থানীয় বিট কর্মকর্তাকে মাটিচাপা দিতে বলা হয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর তেত্রিশকানি পয়েন্টে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটিসহ এবছর বিভিন্ন প্রজাতির মোট ২১টি মৃত ডলফিন সৈকতে ভেসে আসে।