তালতলী (বরগুনা) সংবাদদাতা
তালতলী উপজেলা বাজারের বিভিন্ন সড়কে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করায় ১২ ব্যবসায়ীকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলা শহরের তালতলী বাজারের মালিপাড়া এলাকা থেকে কমডেকা টাওয়ার মোটরসাইকেল স্ট্যান্ড পর্যন্ত অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো. কাওছার হোসেন জানান, সড়কে যাতে জনসাধারণের চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয় সেজন্য অভিযান পরিচালনা করে ১২ ব্যবসায়ীকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।