সংবাদ সংক্ষেপ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা

পিরোজপুর অফিস আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে বুধবার পিরোজপুরে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর প্রেসক্লাব ভবন থেকে র্যালি বের হয়ে শহরের টাউন ক্লাব সড়ক প্রদক্ষিণ করে। শেষে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মুনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান। সুজনের পিরোজপুর জেলা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের অ্যাডহক কমিটির আহ্বায়ক গৌতম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।

মধুখালীতে ১৫০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা। এ উত্সবকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মধুখালীর মৃিশল্পীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী জানান, এ উপজেলায় এবার প্রায় ১৫০ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা উত্সব উদ্যাপনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উত্সব পালনে বুধবার আইনশৃঙ্খলা সভায় প্রস্তুতি নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘মুক্তির রণকাব্য’ শীর্ষক ম্যুরাল স্থাপন করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহিদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডের পাশে এই ম্যুরাল উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএমের উদ্যোগে ম্যুরালটি নির্মাণ করা হয়েছে।

মা-ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা দুমকিতে গতকাল বুধবার মা-ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মুরাদিয়া ইউপি কার্যালয়ের সামনে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে স্থানীয় শতাধিক  জেলের উপস্থিতে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর মিয়া।

সমবায়ীদের মাসিক সভা ও ই-প্রশিক্ষণ

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে বুধবার সার্বিকগ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি-৩য় পর্যায়) সিভিডিপিভুক্ত সমবায়ীদের মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কামারখন্দ কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে এ সভা এবং ১২০ জন সমবায়ীর ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা এতে সভাপতিত্ব করেন।

সেচ-সংযোগ গ্রহণে গ্রাহক উদ্বুদ্ধকরণ সভা

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোলে বুধবার সৌর বিদ্যুত্চালিত পাম্পের মাধ্যমে সেচ-সংযোগ গ্রহণে গ্রাহক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে দিনাজপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর আয়োজনে মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান এ কে এম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুত্তায়ন বোর্ডের পরিচালক (উত্তরাঞ্চল) বিধান রঞ্জন বৈষ্য।

ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা চিতলমারীতে উপজেলা পর্যায়ে গতকাল বুধবার দিনব্যাপী বিজ্ঞানবিষয়ক কুইজ ও ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ইউএনও মো. লিটন আলীর সভাপতিত্বে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

নকলা (শেরপুর) সংবাদদাতা নকলা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বুরহান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) কাওসার আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে বুধবার মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সহায়তায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।