ইত্তেফাক রিপোর্ট
রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দক্ষিণ যাত্রাবাড়ী ও হাজারীবাগের বউবাজার এলাকায় দুই যুবক আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ যাত্রাবাড়ীতে আব্দুল কাদের মিঠু (২৭) ও হাজারীবাগ বউবাজার এলাকায় সাব্বির মোল্লা (১৮) আহত হন।
আহত মিঠু জানান, তিনি পরিবার নিয়ে দক্ষিণ যাত্রাবাড়ীর বিবির বাগিচা-২ নম্বর গেট এলাকায় থাকেন। তার বাবার নাম বাবুল মিয়া। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। মিঠু কাজলায় একটি পিতলের কারখানায় কাজ করেন। সপ্তাহখানেক আগে ঐ এলাকার রাস্তায় শ্যুটার লিটন নামে এক যুবকের সঙ্গে তার ধাক্কা লাগে। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর রেশ ধরেই মঙ্গলবার সন্ধ্যায় বাসার অদূরে বিবির বাগিচা ছাপরা মসজিদের পাশে একটি গলিতে একা পেয়ে শ্যুটার লিটন, জয়, অনিকসহ ১০-১২ জন তাকে মারধর করে। একপর্যায়ে তার পেটের ডান দিকে ও বাম পায়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়।