পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচন আজ। এই আসনের ভোটেই নির্ধারিত হবে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকছেন কিনা। তার বিরুদ্ধে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মমতার মতো ‘হেভিওয়েট’ প্রার্থী না হলেও নির্বাচনে তিনি বড় চ্যালেঞ্চ ছুড়ে দেবেন বলে দাবি বিজেপির।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই'এর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কলকাতার আসন ভবানিপুরের ৩ লাখেরও বেশি ভোটার আজ মমতার ভাগ্য নির্ধারণ করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকতে গেলে এই আসনে জয়লাভ করতেই হবে তাকে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৭ থেকে নির্বাচন শুরু হয়েছে। ভোট গণনা হবে আগামী ৩ অক্টোবর। ছয় মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমএলএ নির্বাচিত করতে তৃণমূল নেতা শোভনদেব চট্টপাধ্যায় এই আসন থেকে পদত্যাগ করেন।
এদিকে ভোট শুরুর পরেই পুলিশের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন ভবানিপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ১৪৪ ধারা জারি সত্ত্বেও কয়েকটি দোকানপাট খোলা থাকায় প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।
এই বিজেপি প্রার্থীর অভিযোগ, ভবানিপুরের অন্তর্গত ৭২ নম্বর ওয়ার্ডে বুথ জ্যাম করছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ করেন প্রিয়াঙ্কা।
তৃণমূল নেতা ফিরহাদ হাকিম অবশ্য বুথ জ্যামের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, লড়াইয়ে না পেরে মিথ্যা অভিযোগ করছে বিজেপি।
ইত্তেফাক/টিআর