জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অবস্থা সংকটাপন্ন। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন বাবলুকে উন্নত চিকিত্সার জন্য দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট চিকিত্সকরা। তবে প্রতিদিন তার ১০০ লিটারের বেশি অক্সিজেন সাপোর্ট লাগার কারণে বিদেশে নিতে পারাও জটিল হয়ে পড়েছে।
জিয়াউদ্দিন বাবলুর পারিবারিক সূত্র গতকাল শুক্রবার রাতে ইত্তেফাককে জানায়, তাকে সুস্থ করে তুলতে চিকিত্সকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে অবস্থার কোনো উন্নতি নেই। চিকিত্সকরা বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী সিঙ্গাপুর ও ভারতে যোগাযোগ করা হয়েছে। তবে যেহেতু তার প্রতিদিন ১০০ লিটারের বেশি অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে, সে কারণে বিদেশে নেওয়াও অনিশ্চিত। তার সুস্থতা কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
ডাকসুর সাবেক জিএস ও প্রাক্তন সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলুর করোনা ধরা পড়ে গত ৬ সেপ্টেম্বর। ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে প্রচারণা চালাতে পাঁচ দিন তিনি সিলেটে অবস্থান করেন। ঢাকায় ফিরে অসুস্থ বোধ করলে ও উপসর্গ দেখা দিলে ৬ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করালে পজিটিভ শনাক্ত হয়। ঐদিনই তিনি ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে এক দিন পর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বাবলুর ব্যক্তিগত সহকারী জানান, তিনি আগে থেকে অ্যাজমা ও হার্টের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন। করোনা শনাক্তের পর ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়।