সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ শুরু

ঘোড়াশাল পৌরসভা নির্বাচন

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। আগামী ২ নভেম্বর এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন থেকে ৭ম ধাপে ২৯ সেপ্টেম্বর পৌরসভা নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ শুরু হয়েছে।

ইতিমধ্যে এই পৌরসভায় বিএনপির দলীয় কোনো প্রার্থীর নাম শোনা না গেলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীদের দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে। প্রার্থীরা তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করছেন। এবার নির্বাচনে কে পাচ্ছেন নৌকা প্রতীক সে ব্যাপারে এখন সাধারণ ভোটারদের মধ্যে গুঞ্জন চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের চার হেভিওয়েট প্রার্থী পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে জোর তদবির চালাচ্ছেন। দলীয় মনোনয়ন পেতে ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ মো. শরীফুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইলিয়াছ ও সাবেক ছাত্রলীগ নেতা তানজিরুল হক রনি যোগাযোগ করছেন। ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ শরীফুল হক জানান, তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ও দুই বারের নির্বাচিত মেয়র। এবারও দল তাকে মনোনয়ন দিবে বলে তিনি আশাবাদী। অন্যদিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, দলকে জনগণের কাছে আস্থাশীল ও গ্রহণযোগ্য করতে যোগ্য প্রার্থীর কোনো বিকল্প নেই। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইলিয়াছ জানান, ত্যাগী নেতাকর্মীদেরই মূল্যায়ন করা হবে। সেক্ষেত্রে দলীয় মনোনয়ন পেতে আমি শতভাগ আশাবাদী। পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কবির মৃধা জানান, ইতিমধ্যে তৃণমূল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে গ্রহণযোগ্য প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. জোবায়দা বেগম জানান, ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ডের ৬১ হাজার ৬৪৭ জন ভোটার ইভিএমের (ইলেক্ট্রিক ভোটিং মেশিন) মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।