ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ডাকঘরে জনবলসংকট থাকায় দৈনন্দিন কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। ডাকঘরে অনুমোদিত পদ সংখ্যা ১১টি থাকলেও বর্তমানে ৯টি পদই শূন্য। শূন্য পদগুলো হচ্ছে পোস্টাল অপারেটর তিনটি, পোস্টম্যান তিনটি, পেকার একটি, রানার একটি, সহপরিদর্শক একটি।
এছাড়া ডাকঘরের নেই নিজস্ব ভবন। পাঁচ বার ভূমি অধিগ্রহণ করা সত্ত্বেও এখনো নির্মাণ হয়নি ভবনটি। ফলে উপজেলা পরিষদের পরিত্যক্ত একটি গোডাউনে ভাড়া নিয়ে চলছে এর কার্যক্রম। অন্যদিকে ভবনটিও চরম ঝুঁকিপূর্ণ। পোস্ট ই-সেন্টারের কার্যক্রম চলাকালীন এক প্রশিক্ষণার্থীর মাথায় ছাদের পলেস্তারা খসে পড়ে গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছেন পোস্ট মাস্টার মো. মিজানুর রহমান। তিনি জানান, প্রতিনিয়ত পলেস্তারা খসে কখনো স্টাফদের মাথায়, আবার কখনো খাতায় পড়ছে। দেয়ালগুলোতেও ফাটল দেখা দিয়েছে। এতে যে কোনো সময় ছাদ ধ্বসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরো জানান, আমাদের কাজের পরিধি বাড়লেও জনবলসংকট কাটেনি। এতে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। জনবলসংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও কোনো লাভ হয়নি।