শহিদ মিনার ধসে শিশুর মৃত্যু

প্রধান শিক্ষক বরখাস্ত

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়ায় শনিবার বিকালে শহিদ মিনারের পিলার ধসে জান্নাতি আক্তার (০২) নামে এক শিশু মৃত্যুর ঘটনায় সেকান্দরদী এ এম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়টির পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিহত জান্নাতি আক্তার সেকান্দরদী গ্রামের রাব্বি মোল্লার মেয়ে। প্রধান শিক্ষক খোরশেদ আলমকে কারণ দর্শানোর শোকজ করেন পলাশ উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। সভা শেষে জান্নাতির পরিবারকে ১ লাখ টাকা ঐ বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেকান্দরদী এ এম উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শহিদ মিনারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু প্রধান শিক্ষক মেরামত না করে দড়ি দিয়ে পিলারটি গাছের সাথে বেঁধে রাখে। শনিবার বিকালে বাড়ির পাশের বিদ্যালয়ের শহিদ মিনারে খেলতে গেলে পিলার ভেঙে শিশু জান্নাতির ওপর পড়ে।

এ ব্যাপারে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।