লিগ ওয়ানে মেসিদের প্রথম হার

স্পোর্টস ডেস্ক

হারতে যেন ভুলেই গেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানের চলতি মৌসুমে হার ও ড্র ছাড়াই প্রথম আটটি ম্যাচ কাটিয়ে দেয় তারা। অবশেষে তাদের হারের স্বাদ দিল রেনে। নিজেদের মাঠে ২-০ গোলের দারুণ এক জয় পায় তারা। দুটো গোলই এসেছে বিরতির আগে ও পরের মিনিটে।

লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে মিলেও রেনের গোলমুখে কোনো শট নিতে পারেননি। অন্যদিকে চারবার পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমাকে পরীক্ষার মুখে ফেলে রেনে। ৪৫ মিনিটে গেত লাবোর্দের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে লাবোর্দের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ ফ্লাভিয়া তেইত। পিএসজির হয়ে ব্যবধান কমাতে এমবাপ্পে গোল করলেও ভিএআরে বাতিল হয় তা।

এদিকে মেসির বর্তমান ক্লাব পিএসজির মতো প্রথম হারের দেখা পেয়েছে সাবেক ক্লাব বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে হারে তারা। দুটো গোলই মিলে মিশে করেছেন থমাস লেমর ও লুইস সুয়ারেজ। ম্যাচের শুরু থেকেই চোখ ছিল অবশ্য সুয়ারেজের দিকে। অ্যাসিস্ট ও গোল করে যেন গ্যালারিতে থাকা বার্সা কোচ রোনাল্ড কোম্যানকে কড়া এক জবাবই দিলেন। দুই মৌসুম আগে কোম্যান এসেই বার্সা থেকে তাড়িয়ে দিয়েছিল তাকে। তবে তাই বলে ভক্তদের সেজন্য ছোট করেননি তিনি। গোল করে উদ্যাপনের বিপরীতে ক্ষমা চাওয়া প্রসঙ্গে সুয়ারেজ বলেন, ‘আমি আগেই ঠিক করে রেখেছিলাম, যদি গোল করি তাহলে ক্ষমা চাব। শ্রদ্ধা-অনুরাগের জন্য, বার্সেলোনার একজন ভক্ত হওয়ার জন্য, বার্সেলোনায় আমার ক্যারিয়ারের জন্য, আমার সহকর্মীরা যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাদের জন্য ও ভক্তদের জন্য। শ্রদ্ধা থেকেই সেটা করেছি।’ পুরো ম্যাচে বার্সেলোনা কতটা বাজে খেলেছে, তা বোঝা যায় জেরার্ড পিকের কথাতেই, ‘আমরা শুরুটা ভালো করেছি। তাদের তাড়া করেছি। আমরা সাহসী ছিলাম। এরপরই তারা এগিয়ে যায়। খুবই কম সুযোগের মধ্যে তারা দুটি গোল পায়, এরপর তিন ঘণ্টা খেললেও আমরা গোল পেতাম না।’