বিশ্বকাপ খেলতে ওমান গেলেন টাইগাররা

স্পোর্টস রিপোর্টার

ঘূর্ণিঝড় ‘শাহীন’-এর তাণ্ডবে ওমানের মাস্কট বিপর্যস্ত। বৈরী আবহাওয়ার কারণে গতকাল মাস্কট থেকে বিমান ছেড়ে যাওয়া, মাস্কটে অবতরণ বাতিল করেছিল দেশটির সরকার। বদলে গিয়েছিল সব ফ্লাইটের সূচি। শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওমান যাত্রা। শেষ পর্যন্ত আইসিসি টি-২০ বিশ্বকাপ মিশনে ওমান গেল টাইগাররা।

পাঠক যখন এই রিপোর্ট পড়ছেন, ততক্ষণে ওমানে পৌঁছে যাওয়ার কথা মাহমুদউল্লাহ-মুশফিকদের। সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর গতকাল রাত পৌনে ১২টায় দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত ৪টায় ওমানে পৌঁছে যাবে পুরো দল। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির লজিস্টিকস বিভাগ। ওমানে গিয়ে একদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগারদের। তারপরই অনুশীলন শুরু হবে।

এদিকে করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। নির্বিঘ্নেই ওমানে গেলেন ক্রিকেটাররা। অবশ্য দলের আগেই গত সপ্তাহে সস্ত্রীক ওমানে চলে গেছেন লিটন দাস। কোয়ারেন্টাইন শেষে এখন সতীর্থদের অপেক্ষায় আছেন তিনি। কোচিং স্টাফের সদস্যরাও ওমানেই দলের সঙ্গে যোগ দিবেন। ওমানে ক্যাম্প করবে বাংলাদেশ দল, চলবে বিশ্বকাপ প্রস্তুতি।

তবে আইপিএলে ব্যস্ত সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আগামী ৯ অক্টোবর বাংলাদেশ শিবিরে যুক্ত হবেন। ৮ অক্টোবর পর্যন্ত ছাড়পত্র রয়েছে তাদের। সেক্ষেত্রে আবুধাবিতে মাহমুদউল্লাহরা পাবেন সাকিব-মুস্তাফিজকে। প্রথম রাউন্ডের আগে আবুধাবিতে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। প্রথম রাউন্ডে ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে মাহমুদউল্লাহ বাহিনী।