কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের কালকিনি ও উপজেলার বিভিন্ন হাটবাজারে অবৈধ কারেন্ট জাল প্রকাশ্যে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার পৌর এলাকার গোপালপুরহাটে ও উপজেলার খাসেরহাট বাজারে গিয়ে এসব চিত্র দেখা গেছে। এসব জাল দিয়ে বিভিন্ন নদনদী ও খাল-বিলে দেশীয় প্রজাতির ডিমওয়ালা ও পোনা মাছ নিধন করা হচ্ছে। জাল বিক্রেতা কামাল, আলাউদ্দিন, খবিরসহ কয়েকজন বলেন, কালকিনি উপজেলার গোপালপুরহাট সপ্তাহের সোম ও বৃহস্পতিবার বসে। এ দুই দিন প্রকাশ্যে ব্যবসায়ীরা মাটিতে চট বিছিয়ে, আবার কেউ দাঁড়িয়ে কারেন্ট জাল বিক্রি করেন। এভাবে এ হাটসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে অবাধে অবৈধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে। কালকিনি উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা স্বন্দীপন মজুমদার বলেন, আমরা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, কারেন্ট জাল বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। তাই আমরা এ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করব।