সংবাদ সংক্ষেপ

পাটজাত পণ্য তৈরি নিয়ে প্রশিক্ষণ

বরিশাল অফিস বরিশালে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে বহুমুখী পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে নগরীর কালিজিরা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, নারী উদ্যোক্তা রিনা বেগম প্রমুখ।

ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সোমবার বিরামপুর ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ার পূর্বে অগ্নি দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন বিরামপুর ফায়ার সার্ভিস অফিসের ক্যাম্প লিডার আনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি ট্রেনিং ইন্সপেক্টর মাহবুব হোসেন ও খাদিজা খাতুন, ইউনিয়ন লিডার আরাফাত আলী প্রমুখ। পরে ঘণ্টাব্যাপী অগ্নিনির্বাপণের বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়েছে।

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাঈনুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আবু সাঈদ প্রমুখ।

বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষ্যে সভা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা সোমবার সকালে চাটমোহরে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরে আলম। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী। বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ।

বাল্যবিবাহ ও মাদককে লাল কার্ড প্রদর্শন

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় লাল কার্ড দেখিয়ে বাল্যবিবাহ, মাদক ও স্মার্ট ফোনে আসক্তিকে ‘না’ বলে শপথ নিয়েছে শিক্ষার্থীরা। সোমবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করে অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু।

কৃষি প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা উপজেলায় উচ্চমূল্যের ফসলের চাষাবাদ পদ্ধতি এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের জাইকা হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা পরিষদ আয়োজিত ও উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে প্রশিক্ষণের বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশ গ্রহণ করেন। আলোচনা করেন নেত্রকোনা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এফএম মোবারক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবীর প্রমূখ।